নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী-৪ বাগমারা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নেতা রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ্যাডঃ মাহফুজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ ধারা ছড়িয়ে পড়ুক, আগামীর দিন হোক সুন্দর ও আনন্দময়। ঈদ শুধু আনন্দের নয়, ঈদ ত্যাগ, ভালোবাসা ও সাম্যের এক উজ্জ্বল শিক্ষা। আসুন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে একে অন্যের পাশে দাঁড়াই। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বাতাবরণ গড়ে তুলি।”
তিনি আরও বলেন, এই ঈদের মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ ও মহানুভবতা। সামর্থ্যবানরা যদি গরিব-দুঃখীদের পাশে দাঁড়ান, তাহলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তাই তিনি সবার প্রতি আহ্বান জানান, নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে যেন কেউ পিছপা না হন।
এ্যাডঃ মাহফুজুর রহমান আশা প্রকাশ করেন, দেশের এই ক্রান্তিকালে জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেবে ঈদুল আজহা।
“আমাদের ঐক্যই হোক ভবিষ্যতের ভরসা। চলুন আমরা ঈদুল আজহার মহান আদর্শ ধারণ করে একটি উন্নত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাই” বলেন তিনি।
প্রসঙ্গত, সাবেক ছাত্রদল নেতা এ্যাডঃ মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জনগণের সেবা ও উন্নয়নে কাজ করে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।