নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের বালিগ্রামে বসবাসরত অসচ্ছল আদিবাসী পরিবারের নারী সদস্যদের মধ্যে গতকাল দুপুরে বিনামূল্যে গরু প্রদান করা হয়। কাকন বহুমূখি উন্নয়ন সংস্থা (কাবিউস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় চারজন আদিবাসী পরিবারের মধ্যে বকনা গরু প্রদান করা হয়। এ পর্যন্ত অত্র সংস্থা এগারটি বকনা বাছুর বিনামূল্যে প্রদান করেছেন বলে সংস্থা সূত্রে জানা গেছে।
বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সমন্বয়কারী দেলোয়ার হোসেন রিপন। এছাড়াও কাবিউস এর এরিয়া ম্যানেজার আব্দুল কাদের মুক্তা ও আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কাবিউস এর এই কার্যক্রমের প্রসংশা করে বলেন, কাবিউস শুধু ঋন কার্যক্রম পরিচালনা করে না। তারা নানা ধরনের সামাজিক কাজ ও বিনা শর্তে এবং বিনামূল্যে অসহায় আদিবাসী পরিবার গুলোকে অর্থনৈতিক সমস্যা দূর করে স্বাবলম্বী করে তুলতে তাদের মধ্যে গরু ও ভেড়া বিতরণ করে আসছে। প্রাপ্ত এই গরু বিক্রি না খাওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।
সেইসাথে আগামীতে আরো যেন এই ধরনের কার্যক্রম বেশী করে পরিচালিত করতে পারেন তারজন্য কাবিউস এর নির্বাহী পরিচালককে অনুরোধ করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি উপস্থিত আদিবাসী নারীদের হাতে বকনা বাছুর তুলে দেন।