নিজস্ব প্রতিবেদক: আদিবাসীদের সংস্কৃতি চর্চা’র ধারাকে অব্যাহত রাখতে, রক্ষা করতে এবং পুণরুদ্ধারের লক্ষে গতকাল দিনব্যাপি আদিবাসী সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভা অডিটরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর সহযোগীতায় এবং গোদাগাড়ী উপজেলা মাঞ্জহি-বাইসি এর আয়োজনে বিভিন্ন আদিবাসী আটটি গ্রামের সাংস্কৃতিক দল প্রতিযোগীতায় অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় প্রতিটি দল ধামসা, মাদল, হারমোনিয়ামসহ তাদের নিজ ভাষায় গানের তালে নাচ পরিবেশন করে। উপজেলার সোনাডাং, পাচগাছিয়া, বাঘমারা, ঝিনাফুলবাড়ী, কাদমা ফুলবাড়ী, কামারপাড়া, ও মহলান গ্রাম হতে প্রতিযোগীরা দিনব্যাপি স্ব- স্ব নৃত্য উপস্থাপন করেন। সাংস্কৃতিক প্রতিযোগীতার বিচারক মন্ডলী’র মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা পারগানা পরিষদের সভাপতি বাবুলাল মুর্মু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর কল্লোল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পারগানা পরিষদের সাধারণ সম্পাদক দিনেশ হাঁসদা ও গ্রাম বিকাশ কেন্দ্র কাঁকনহাট শাখার সমন্বয়কারী আবু জাফরসহ বিভিন্ন আদিবাসী গ্রামের গ্রাম মাঞ্জহিগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনন্ত মুর্মু। সাংস্কৃতিক প্রতিযোগীতায় মহলান গ্রামের দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদলসহ অংশগ্রহণকারী সকল দলের হাতে অতিথিবৃন্দ পুরুষ্কার তুলে দেন।