নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলায় গ্রামীণ ঈদ আনন্দ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার বাগসারা স্কুল প্রাঙ্গণে হামেদিয়া সবুজ সংঘের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে গ্রামীণ ঈদ আনন্দ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, গ্রামীণ ঈদ মানেই গ্রামের নিজস্ব বিনোদন, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। কিন্তু বর্তমান মোবাইল নির্ভর যুগে ছেলে-মেয়েরা সেই ঐতিহ্যবাহী গ্রামীণ বিনোদন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখার জন্য তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এমন আয়োজন থেকে সবচেয়ে বেশি আনন্দ পায় কোমলমতি শিশুরা। এখনো ঢাকা সহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ গ্রামে আসে এই ধরনের ঐতিহ্যবাহী বিনোদন উপভোগ করতে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যাতে এ ধরনের সুন্দর পরিবেশ আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়।
নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিমুদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ মকবুল হোসেন।
এছাড়াও নওহাটা পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, পবা যুবদলের সাবেক সভাপতি মোর্তজা আলী, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতর আলী এবং নওহাটা পৌর বিএনপির নেতা কাজী আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।