নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সাথে রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সোমবার বেলা পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় নিজ চেম্বারে রেলওয়ে শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ ও শ্রমিক দলের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুর সালাম সৌজন্য সাক্ষাত করেন।
এসময়ে মিলন বলেন, দেশের অবস্থা এখন অত্যন্ত খারাপ। দেশে নেই কোন গণতন্ত্র ও বাকস্বাধীনতা। দেশে চলছে অলিখিত বাকশাল। এছাড়াও আইনশংখলা বাহিনী ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের অর্থের লোভ দেখিয়ে ও অবৈধ অর্থ প্রদান করে নিজের দলের পক্ষে রেখে এই সরকার ক্ষমতায় বসে আছে। তিনি বলেন, এই সরকারের কোন জনপ্রিয়তা নাই। আগামী ২৯ তারিখ রাজশাহীতে প্রধানমন্ত্রী আসবেন। এ নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহেযাগি সংগঠনের ঘুম নেই। পনের দিন পূর্ব থেকে মাইকিং ও পাড়া মহল্লায় সভা সমাবেশ ও লিফলেট বিতরণ করছেন তারা।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সব থেকে বেশী জনপ্রিয় নেত্রী বলে প্রচার করে। তাহলে এ অবস্থা কেন বুঝতে হবে। জনসভায় লোক হবেনা ভেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মাদ্রাসা মাঠে আসার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। সেইসাথে সকল প্রকার যানবাহন খোলা রাখা হয়েছে। সরকারী বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী দিয়ে যদি মাঠ ভরতে হয় তাহলে তাদের নেতাকর্মী কোথায় বলে প্রশ্ন করেন তিনি। প্রকৃতপক্ষে বিনাভোটের এই সরকার কচুর পাতার উপরে পানির ন্যায় দাঁড়িয়ে আছে। একটু বাতাস লাগলেই মাটিতে লুটিয়ে পড়বে উল্লেখ করে সরকার পতনের বিএনপি’র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দদের।