নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ীতে নৃসংশভাবে হামলা ও ভাংচুর, অগ্নিসংযোগ করে বাড়ি ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ভুক্তভোগি বসন্তপুর গ্রামের জালাল উদ্দীন বলেন, তার বসতবাড়ীতে ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ ও জোরপূর্বক জমি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে পরিবারের সকল সদস্য নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন বলে উল্লেখ করেন।
জালাল বলেন, তিনি প্রায় ৪০ বছর আগে গাহানু সরদারের নিকট থেকে এই সম্পত্তি ক্রয় সুত্রে ১২ হাজার টাকায় হাত বায়নায় চুক্তিবদ্ধ হন। তখন থেকে জালাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নিয়ে এই সম্পত্তিতে বসবাস করছিলেন। গাহানু সরদারের মৃত্যুর পর মোহনলাল ও জহরলাল এই সম্পত্তি সন্ত্রাসীদের দিয়ে তাদের উচ্ছেদ করেন এবং নিজের দখলে নেন । এ বিষয়ে তিনি গোদাগাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাদেরকে আদালতে মামলা করার পরামর্শ দেন। গত ৮ মার্চ জালাল উদ্দীন বাদী হয়ে ১০ জনকে আসামি করে রাজশাহী আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে মামলা দায়ের করেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ৬ই মার্চ রোববার সকাল ১০টার দিকে একই এলাকার আদিবাসি গাহানু সরদারের ছেলে মোহন লাল ও জহুরলাল চৌদুয়া গ্রামের হাবিবুর রহমান এর নেতৃত্বে এক দল স্থানীয় ও বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে জালাল উদ্দীন ও তার দুই সন্তানের বাড়ীতে এই হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বলেও জানান জালাল উদ্দীন।
সন্ত্রাসীদের তান্ডবে প্রানের ভয়ে বাড়ি ছেড়ে তারা পালিয়ে গেলে হাবিবুর রহমান তার সন্ত্রাসী বাহিনীদের দিয়ে ককটেল ফাটিয়ে এলাকায় ভিতি সৃষ্টি করে বাড়ি ভাংচুর করে উল্লেখ করেন তিনি। সেইসাথে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করেন জালাল উদ্দীন। তিনি এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। সেইসাথে আসামীরা তাকে নানা ভাবে হুমকী দিচ্ছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এছাড়াও মানবন্ধনের উপস্থিত জনগণ আগামীদের শাস্তির দাবী জানান।