নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত সোয়া ১১টার দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫নং বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকৃতরা হলেন, উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) ও দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।