নিজস্ব প্রতিবেদক: রক্তের ক্যান্সারে আক্রান্ত রাজশাহীর পবা উপজেলার নামোপাড়া গ্রামের আমিনুল ইসলাম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অথচ এখন নিজের চিকিৎসার খরচ জোগাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। চিকিৎসার ব্যয় মেটাতে ইতোমধ্যে বিক্রি করেছেন মায়ের জমি। এলাকাবাসী ও শ্বশুরবাড়ির স্বজনদের সহযোগিতায় কিছুদিন চিকিৎসা চালালেও অর্থাভাবে এখন নিয়মিত চিকিৎসা করাতে পারছেন না। একদিকে জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে স্ত্রী ও দুই বছর দুই মাস বয়সী ছোট ছেলের ভবিষ্যৎ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার।
চিকিৎসকদের পরীক্ষায় আমিনুলের শরীরে ধরা পড়েছে রক্তের ক্যান্সার মাল্টিপল মাইলোমা। প্রায় ছয় মাস আগে রোগটি শনাক্ত হয়। এর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রায় এক মাস বিছানায় পড়ে ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে নিউরো মেডিসিন বিভাগে সাত দিন চিকিৎসাধীন ছিলেন। প্রথম দিকে রোগ শনাক্ত না হলেও পরবর্তী সময়ে রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে।
আমিনুল জানান, উন্নত চিকিৎসার আশায় ভারতের একটি হাসপাতালেও গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতেই প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে যায়। অর্থসংকটের কারণে চিকিৎসা সম্পন্ন না করেই দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি।
এখন পর্যন্ত মাত্র একবার কেমোথেরাপি নিতে পেরেছেন আমিনুল। তিনি জানান, প্রতিবার কেমোথেরাপি নিতে খরচ হয় প্রায় ৫২ হাজার টাকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় মাস নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে। এরপর আবার পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এই ছয় মাসের চিকিৎসার জন্য আনুমানিক ১০ লাখ টাকা প্রয়োজন।
চিকিৎসার খরচ জোগাতে নিজের মায়ের জমি বিক্রি করেছেন আমিনুল। আত্মীয়স্বজন ও এলাকার মানুষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন। কিন্তু ক্যান্সারের মতো জটিল রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য এখন আর তার পরিবারের নেই। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পারায় বাড়ছে দুশ্চিন্তা।
নিজের অসুস্থতার চেয়েও ছোট ছেলেকে নিয়ে বেশি চিন্তিত আমিনুল। যে বয়সে সন্তানের বেড়ে ওঠার আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সেই তাকে অনিশ্চিত ভবিষ্যতের মুখে রেখে যাওয়ার আশঙ্কা তাড়া করে ফিরছে বাবাকে। স্ত্রী ও সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য এখন তার প্রয়োজন জরুরি চিকিৎসা ও আর্থিক সহযোগিতা।
আমিনুলের আকুতি, সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষেরা এগিয়ে এলে আবারও চিকিৎসা শুরু করতে পারবেন তিনি। আর্থিক সহযোগিতায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটি।
আমিনুলের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ (পার্সোনাল): ০১৬০৬৩২৮৯২৭ ব্যাংক অ্যাকাউন্ট : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) অ্যাকাউন্টের নাম: Md Aminul Islam অ্যাকাউন্ট নম্বর: ১৩১১০১০৭৮৩১৪৮ শাখা: উলিপুর, কুড়িগ্রাম। রাউটিং নম্বর: ১৪৫৪৯০৭০৪।