বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী রুয়েটে নবনিযুক্ত প্রভাষকবৃন্দের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা মঙ্গলবার শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার বলেন, শুধু জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আগে সচেতন করতে হবে। উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রচার কার্যক্রম বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সচেতনতা কার্যক্রমের পরেও যারা খাদ্যে ভেজাল দেবে তাদের বিরুদ্ধে বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানা দ্বিগুণ করতে হবে। তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে টিভিসি, স্বল্পদৈর্ঘ্য ভিডিয়ো প্রদর্শনের ব্যবস্থা করতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন তিনি।
এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন জেলা নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামানিক। তিনি সভাকে জানান, রাজশাহী বিভাগে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৩৪৭টি খাদ্য স্থাপনায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। সেইসাথে ৩৭টি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। এছাড়াও, উল্লিখিত মাসে বিভাগে মোট ৭৭টি মোবাইলকোর্ট পরিচালিত হয়েছে এবং চব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য বিষয়ক কোর্স অন্তর্ভুক্তির বিষয়ে জেলার সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়েছে এবং ইতোমধ্যে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিসিকে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী মাসে স্টিট ফুড ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে রাজশাহী বিভাগে ১২২টি অভিযান পরিচালনা করা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ এবং অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত মাসে পাবনায় ভেজাল দুধ তৈরির জন্য দুটি মামলায় দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও আসন্ন শীত মৌসুমে খেজুরের গুড় উৎপাদন ও বাজারজাতকরণে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। রাজশাহী বাঘা, আড়ানী, চারঘাট এবং নাটোরের লালপুর ও বাগাতিপাড়াসহ সংশ্লিষ্ট এলাকায় গুড় উৎপাদনের সময় রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর আশঙ্কা থাকায় নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং গুড় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁদের আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করতে হবে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
সভা শেষে বিভাগীয় কমিশনার ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধে প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। সভায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin