নিজস্ব প্রতিবেদক: যুবদলের সিনিয়র ও ত্যাগী নেতাদের রেখে রাজশাহী মহানগর যুবদলে পদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন যুবদলের ‘পদ না পাওয়া’ নেতারা। এর জেরে শনিবার রাতে তাঁরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করেন। ‘বঞ্চিত’ নেতারা রাত ১১টার দিকে নগরের রাজারহাতা এলাকায় প্রথমে সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসা ঘেরাও করেন। রাত ১২টা পর্যন্ত তাঁরা ওই বাসার সামনে অবস্থান নিয়ে নানা শ্লোগান দেন। তখন যুবদল নেতা রবি বাসায় থাকলেও বের হননি।
পরে বিক্ষোভকারীরা নগরের ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে বিক্ষোভ করেন। তখন বাসাটি তালাবদ্ধ ছিল। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা ফিরে যান। রোববার বিকেলেও তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন হয় ২০২২ সালে। সেই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে তাঁর পদটি শূন্য হয়। এরপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।
এরই মধ্যে যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে চলে যান। এ জন্য গত ১৫ জুলাই ৮ জনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। শনিবার আবারও ১৫ জনকে যুবদলের পদ দেওয়া হয়। বিএনপিতে চলে যাওয়া ও মৃত্যুজনিত কারণে পদ শূন্য থাকায় এদের অন্তর্ভুক্ত করা হয় বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই ১৫ জনের অন্তর্ভুক্তির পর ‘পদ না পাওয়া’ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতা প্রয়োগের অধিকারসহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ দেওয়ার বিষয়টি তাঁরা কিছুতেই মানতে পারছেন না।
রাতের বাড়ি ঘেরাও কর্মসূচিতে ছিলেন গত ১৫ জুলাই মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল। তিনি বলেন, ‘জ্যাকি ছাত্রদলের সভাপতি ছিলেন। এখন স্বেচ্ছাসেবক দল বা অন্য সংগঠন করতে পারেন। যুবদল করলেও অন্তত দুবছর পার হওয়া উচিত। তারপর তাঁকে এত বড় পদ দেওয়া উচিত। কিন্তু তার আগেই তাঁকে ঐ পদ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘দুঃসময়ে যুবদলের অনেক নেতা-কর্মী মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করেছেন। তাঁদের মহানগর কমিটিতে বড় পদ পাওয়ার যোগ্যতা আছে। কিন্তু শুধু যুবদলকে এক নেতার নিয়ন্ত্রণে রাখার জন্য নতুনদের বড় বড় পদ দেওয়া হয়েছে। এতে টাকার লেনদেনও হয়েছে। এ জন্য বঞ্চিত ও ত্যাগীরা মাঠে নেমেছেন। তিনিও তাঁদের সঙ্গে আছেন বলে জানান।’
এদিকে এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহী মহানগর যুবদলের শূন্য পদে কেন্দ্রীয় যুবদল রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে যুক্ত করেছেন। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনককে সদস্য সহ আরও ৯ জন সাবেক ছাত্রদল নেতাকে রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এই অন্তর্ভুক্তির মাধ্যমে সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ মহানগর যুবদলে পদায়িত হয়েছেন এটা সাংগঠনিক প্রক্রিয়া।
তিনি বলেন, মহানগর যুবদলে অনেক ত্যাগী ও পরিক্ষিত কর্মীরা আছেন তারা পদ বঞ্চিত আছেন। আগামীতে থানা যুবদল কমিটি হবে এবং মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হবে তখন যোগ্যতা ও ত্যাগ বিবেচনায় মূল্যায়িত হবেন। গত ৪মাস পূর্বে রাজশাহী মহানগর যুবদলে ৮জন যুগ্ম-আহ্বায়ককে যুক্ত করেন কেন্দ্রীয় যুবদল তাদের সাথে নিয়েই তারা সংগঠনের কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।
নিবার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর কিছু সংক্ষুব্ধ কর্মী ও কিছু বহিরাগতরা গভীর রাতে তাঁর বাসভবনে গিয়ে বিক্ষোভের নামে সংগঠনের শৃঙ্খলা বিরোধী স্লোগান ও অশোভন আচারণ করেন। তিনি তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিষয়টি তিনি কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নাকে জানিয়েছেন। রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক যে কোন সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় যুবদলের বলে জানান তিনি। এখানে টাকা নিয়ে কাউকে পদ দেয়ার কোন প্রশ্নই আসেনা বলে উল্লেখ করেন জনি।
এ বিষয়ে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, ‘অনেক ত্যাগী নেতা কমিটিতে আসতে পারেনি। একই কমিটিতে বার বার অন্তর্ভুক্তি করা হচ্ছে। নেতা-কর্মীদের আবেগ-ক্ষোভ থাকবেই। তারা সেটা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করে নেবেন। তাঁদের ক্ষোভ-আবেগ, দুঃখ-অভিমানের কথা তারা কেন্দ্রীয় কমিটিতে জানাবেন বলেন উল্লেখ করেন তিনি।’