নিজস্ব প্রতিবেদক: সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থা। উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎ-নেট মিটারিং ভিত্তিক সেচব্যবস্থা চালুর উদ্যোগ জোরদার করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। নির্বাহী পরিচালক (গ্রেড-২) জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই যুৎসই কার্যকরি পদক্ষেপে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা সমাধান, প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
প্রতিষ্ঠানটির তীব্র জনবল সংকট মোকাবিলায় নির্বাহী পরিচালক কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছেন। বিএমডিএর ভারপ্রাপ্ত সচিব এস এম দেলোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৫০ জন জনবল রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর উদ্যোগ অব্যাহত রয়েছে। এর লক্ষ্য হলো মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষকসেবা আরও কার্যকর করা।
অন্যদিকে, বিএমডিএর সেচযন্ত্রগুলো সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনা এবং নেট মিটারিংয়ের আওতায় আনার বিষয়টি নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠিত বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে বিএমডিএর ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে, ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ দিয়ে প্রথমে সেচের চাহিদা পূরণ করা হবে, অতিরিক্ত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বিএমডিএর তথ্য অনুযায়ী, পরিকল্পিতভাবে ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসের সম্ভাবনা রয়েছে।
সৌরবিদ্যুৎভিত্তিক সেচে কৃষক দিনের আলোতেই প্রয়োজনমতো পানি দিতে পারবেন। এতে রাতের আধারে সেচের ভোগান্তি, শ্রমিকসংকট ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সেচযন্ত্রের সচলতা, বিদ্যুৎ উৎপাদন-ব্যবহার এবং গ্রিডে সরবরাহ পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে। নির্বাহী পরিচালকের নেতৃত্বে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের এ সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হলে বিএমডিএর সেবার মান বাড়ার পাশাপাশি টেকসই কৃষি, নবায়নযোগ্য জ্বালানি ও জাতীয় জ্বালানি নিরাপত্তায় নতুন অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।
জাহাঙ্গীর আলম খান বিএমডিএ’র সেচ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বন্ধ হয়ে যাওয়া প্রায় এক হাজার ১০০শ’টি সেচযন্ত্র পুনরায় সচল করেন। মাঠপর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা তিনি অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে সমাধান করতেন। তাঁর দক্ষ নির্দেশনা ও তদারকিতে সে সময়ে বিএমডিএ’র সেচযন্ত্রগুলোর পরিচালন কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়, যার ফলে কৃষকগণ সর্বোচ্চ সুবিধা লাভ করেন।
এছাড়া, তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি দক্ষ, গতিশীল ও কৃষকবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলেছিলেন। মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা, সমস্যা চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক সমাধানে তিনি অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও পারদর্শী ছিলেন।
এদিকে, বিএমডিএর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, প্রতিষ্ঠানটিকে ঘিরে অতীতের রাজনৈতিক প্রভাববলয় পুনঃপ্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দাবি, এসব তৎপরতা প্রতিষ্ঠানের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে। তবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা-কর্মচারীরা আশাবাদী, সরকারের নীতিগত সমর্থন এবং নির্বাহী পরিচালক ও চেয়ারম্যানের নেতৃত্বে চলমান উন্নয়ন উদ্যোগ কোনো অপচেষ্টায় থেমে থাকবে না বলে সংশ্লিষ্ট সকলে মনে করেন।
নির্বাহী পরিচালক (গ্রেড-২)জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ অবকাঠামোর ফলে সেচের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যাবে উদ্বৃত্ত বিদ্যুৎ, বছরে সাশ্রয় হবে বিপুল অর্থ, কমবে কার্বন নিঃসরণ। এতে একদিকে কৃষকের খরচ কমে আসবে এবং অন্যদিকে রাতের হয়রানি কমে আসবে।