নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী নাট্যসংগঠন সমকাল নাট্যচক্র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও তিন দিনব্যাপী ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী। তিনি উদ্বোধনী বক্তব্য বলেন, “১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমকাল নাট্যচক্র বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে এসেছে, দীর্ঘ ৪৫ বছর ধরে এই সংগঠনটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এটাই একটি বিস্ময়। আমরা আশা করি নতুন প্রজন্ম যারা এই সংগঠনটির হাল ধরেছে তারা এটিকে আরো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপদেষ্টামণ্ডলী প্রধান আমিনুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠাকালীন প্রথম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আজিজ হাসান মানিক, সদস্য আশরাফুল ইসলাম, বর্তমান আহ্বায়ক শিউলি দেবনাথ এবং আজকের অনুষ্ঠানের আয়োজক আজমল হুদা মিঠু।
সমকাল নাট্যচক্রের অভিভাবক ও উপদেষ্টা, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে ৫ম বারের মতো আয়োজিত এই উৎসব চলবে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। তিন দিনের আয়োজনে সমকাল নাট্যচক্রের পথনাটক ‘তৈল সংকট’ ও ‘খড়িরাজা’ এবং বন্ধু সংগঠনগুলোর ‘ভাগীদার’, ‘গুপ্তধন’ ও ‘সমীকরণ’ মঞ্চস্থ হবে পুরাতন শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে। পাশাপাশি টিএসসিসি মিলনায়তনে থাকছে সমকাল নাট্যচক্রের মঞ্চনাটক ‘অ্যাপস-স্টেন-গান’ এবং যাত্রাপালা ‘দেবী সুলতানা’।
উল্লেখ্য ১৯৮১ সালের ২৫ নভেম্বর রাবির মতিহারে প্রতিষ্ঠিত সমকাল নাট্যচক্র শুরু থেকেই সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নাট্যচর্চা করে আসছে।