নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে বুধবার সকাল ১১টায় ফা. এফ. চেস্কাতো হলরুমে বার্ষিক শিশু সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রকল্পের শিশু লিডার মায়িশা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি অধ্যাপক জসিম উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক ইসরাত জাহান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পক্ষে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার জিল্লুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শিশুরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। ফালগুনি খুশি সর্বজনীন প্রার্থনা পরিচালনা করেন এবং প্রকল্পের নির্বাচিত শিশুরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করে। স্বাগত বক্তব্য দেন শিশু লিডার মায়িশা খাতুন। প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন কর্মসূচি কর্মকর্তা মিস র্যান্সি রুথ হাঁসদা।
সম্মেলনে শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে। শিশুদের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন সৃষ্টি মারিয়া হেম্ব্রম, প্রত্যাশা ব্যক্ত করেন জোহিদ হাসান এবং লার্নিং অ্যান্ড আর্নিং কার্যক্রমের শিশু আবু সাঈদ জীবনসাক্ষ্য প্রদান করেন। অতিথিরা শিশুদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা বলেন, প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা সমাজের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রকল্পের ১৪ জন শিশুকে অতিথিদের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মেলনে শিশু, অভিভাবক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ৭০ জন অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি মায়িশা খাতুন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।