নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি রাজশাহীতে চলছে শোকের মাতম। আজ দুপুরের দিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নিহত তাসনিম রিফায়াতের বাবার নাম আসাদুল হক। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে রিফায়াত ছিলেন মেজো সন্তান।
স্বজনরা জানান, প্রায় ১০ বছর ধরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ‘জুঁই’ নামের প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। পরিবার সূত্রে আরও জানা গেছে, বুধবার রাত ৯টায় চট্টগ্রাম সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ ঢাকায় নেওয়া হবে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে আগামীকাল সকাল ৯টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।