নিজস্ব প্রতিবেদক: শ্রমিক এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর রেলগেটস্থ সিএনজি মালিক সমিতির অফিসের সামনে ‘ভিশন স্প্রিং’-এর সার্বিক সহায়তায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে এই ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির সভাপতি মাইনুল হক হারু এবং সাধারণ সম্পাদক শ্যামল শেখ। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সিএনজি চালক ও মালিকদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মাইনুল হক হারু তাঁর বক্তব্যে বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত জনসেবামূলক ধারাবাহিকতার অংশ হিসেবেই এই বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, এই চিকিৎসাসেবা কার্যক্রম কেবল নির্দিষ্ট কোনো এলাকা বা রেলগেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলাজুড়ে এটি পরিচালনা করা হবে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক শ্যামল শেখ তাঁর বক্তব্যে বলেন, এই কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী দুই সদর আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু ও রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এর। কিন্তু তারা উভয়ের সরকারি কাজে ঢাকা থাকার জন্য তারা নিজেরাই এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।
এ সময় তিনি আরো বলেন, রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির আওতায় মোট ১১টি শাখা রয়েছে, যেখানে প্রায় ১,৩০০ থেকে ১,৪০০ জন চালক ও মালিক যুক্ত রয়েছেন। তবে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুধু চালক বা মালিকদের জন্যই নয়, শিক্ষক, শ্রমজীবী, স্থানীয় সাধারণ মানুষ এবং তাদের পরিবার-পরিজনসহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।”

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ দেশনায়ক তারেক রহমানের এই স্লোগানের পথ অনুসরণ করে নেতৃবৃন্দ জানান, তারা কথায় নয়, বরং বাস্তব কাজের মাধ্যমেই জনগণের সেবা করতে চান। সাধারণ জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি হায়দার আলী ও আহসান হাবিব, সহ-সাধারণ সম্পাদক সোহান, অর্থ সম্পাদক ওয়ায়েশ এবং কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, মিনারুল ইসলাম, সেলিম রেজাসসহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।