নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে মোটরসাইকেল র্যালি করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে পবা উপজেলার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে আমচত্বর ঘুরে র্যালিটি আবার নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। সমাবেশে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপরও পরাজিত রাজনৈতিক শক্তি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার দেশ পরিচালনার কাজ শুরু করলেও একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরাজিত রাজনৈতিক শক্তি ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, যারা গোপনে রাজনীতি বা গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, তারা পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে।

আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি আরো বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রদলের কর্মী ওয়াসিমসহ অনেকেই আন্দোলনে প্রাণ দিয়েছেন। ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন সময় রাজপথের আন্দোলনে অংশ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশ থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ আইনবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ড, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অবস্থা পরিবর্তন করে দেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। দেশ গঠনে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও জানান তিনি।
র্যালি ও সমাবেশে নওহাটা পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাকিব হাসান, ধুরইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল আলী, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ, দর্শনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল, দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান আলীসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।