নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র আব্দুল মজিদ মাস্টার বুধবার রাত ২ টার সময় ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি এক কণ্যা ও স্ত্রীসহ বহুগুণগ্রাহী ও আত্মীয়স্বজন এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। বুধবার বাদ জুম্মা রিশিকুল স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে ডাইংপাড়া সরকারী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল মজিদ বেশ কিছু দিন থেকে হার্টসহ নানান রোগে ভূগছিলেন। তিনি কাঁকনহাট পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ও তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। এছাড়াও তিনি গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) একজন নেতা ছিলেন। সে সময়ে তিনি গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতিও ছিলেন। এছাড়াও তিনি প্রশাসক হওয়ার আগে একটি স্কুলের শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে কাঁকনহাটসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীসহ শুভাকাঙ্খিগণ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।