নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
অসুস্থ মন্ত্রীকে সন্ধ্যায় দেখতে যান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বেশ কিছুক্ষণ তাঁর পাশে দাঁড়ান এবং চিকিৎসার খোজখবর এবং শরীরের অবস্থা সম্পর্কে জানেন। এরপর মন্ত্রী মিজানুর মিনুর সুস্থ্যতার জন্য দোয়া ও মোনাজাত করেন।
এদিকে অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, গত কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। এ নিয়েও তিনি মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।
বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেন, তিনি অসুস্থ। তাঁর সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। যাতে আল্লাহ তায়ালা তাঁকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় যেন আত্মনিয়োগ করতে পারেন।
এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে তাকে হাসপাতালে দেখতে ছুটে যান স্বাস্থ্যসচিব আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ অন্যান্য চিকিৎসক ও বিএনপির নেতৃবৃন্দ।