নিজস্ব প্রতিবেদক: নির্মাণকাজ শুরুর পর থেকেই নিম্নমানের খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে রাজশাহীর পবা উপজেলার হরিপুরে একটি রাস্তা নির্মাণে। নির্ধারিত ১ নম্বর খোয়ার পরিবর্তে ৩ নম্বর খোয়া, পচা বালু এবং পুরোনো মাটি ও রাবিশ পুনরায় ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। বুধবার দুপুরে সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে অনিয়মের বিষয়টি দেখতে পান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করে নিয়ম অনুযায়ী কাজ পুনরায় করার নির্দেশ দিয়েছেন।
উপজেলার হরিপুর ইউনিয়নের আনারুলের বাড়ি থেকে হাসিনুরের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পবা উপজেলা কার্যালয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজের শুরু থেকেই ধীরগতির পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তা থেকে আগে তুলে রাখা মাটি ও রাবিশ আবারও বিছিয়ে দেওয়া হচ্ছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী জানান, নিয়ম অনুযায়ী ১ নম্বর খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে ৩ নম্বর খোয়া ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের বালু দিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে চলাচলে দুর্ভোগ তৈরি হচ্ছে। এ অবস্থায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে তাঁরা নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, কাজ বন্ধ হওয়ার পর উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে এসে নির্মাণকাজের অনিয়ম দেখেছেন। তিনি প্রয়োজনীয় সংশোধন করে রাস্তাটি সঠিকভাবে নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান পরবর্তী সময়ে সেই নির্দেশনা যথাযথভাবে মানছে না বলে অভিযোগ তাঁর।
স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, ‘তারা চান, রাস্তাটি নিয়ম অনুযায়ী স্থায়ী ও টেকসইভাবে নির্মাণ করা হোক। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করলে সরকারি অর্থের অপচয় হবে, কয়েক দিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে।’
আরেক বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখায় এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের তদারকিতে সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতিও দেখা যায় না। সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না হলে এলাকাবাসী তা করতে দেবেন না।
এ বিষয়ে পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে কাজের মান ও ব্যবহৃত উপকরণে অনিয়ম দেখতে পেয়েছেন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। নির্ধারিত শিডিউল ও প্রকৌশলগত নিয়ম মেনে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় সঠিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজের মান নিশ্চিত করতে পরবর্তী সময়ে নির্মাণকাজ তদারকি করা হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তার নির্মাণকাজে অনিয়ম বন্ধ করে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে কাজটি টেকসইভাবে সম্পন্ন করতে হবে, যাতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয় এবং দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পান স্থানীয় বাসিন্দারা।