নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার পরিজুনপাড়া তরুণ সংঘের আয়োজনে মঙ্গলবার বিকেলে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা হচ্ছে যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে দূরে রাখার মূল প্রক্রিয়া। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার উপরে গুরুত্বারোপ করেছেন । এজন্য প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায়ে একটি করে খেলার মাঠ তৈরি করারও ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, খেলাধুলায় যারা ভালো করবে তাদের জন্য সরকারি ভাবে চাকরি এবং ভালোমানের সম্মানীর ব্যবস্থা এ সরকার করেছেন। এজন্য খেলাকে অন্যভাবে না নিয়ে পেশা হিসেবে নেওয়ার জন্য তিনি শিক্ষার্থী ও যুবসমাজকে আহ্বান জানান।
এমপি আরো বলেন, এই পরিজুন পাড়া বিএনপির ঘাঁটি। এখান থেকে তিনি ব্যাপক ভোট পেয়েছেন। তাদের এই ঋণ শোধ করার জন্য তিনি এখানকার রাস্তাঘাট, সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য বিষয়ে উন্নয়ন করবেন। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে আয়োজক ক্লাবেরও উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্য শেষে তানোর উপজেলা ও দুর্গাপুর উপজেলা দলের খেলার উদ্বোধন করেন এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুর ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের মোল্লা ও মহিলা দলের সভানেত্রী মৌটুসী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।
উল্লেখ্য এই এমপি কাপে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় দূর্গাপুর উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে তানোর উপজেলা দল।