নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান দুই দিনের সরকারি সফরে রাজশাহীতে এসেছেন। তিনি রাজশাহী ও নওগাঁ অঞ্চলে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন ও কর্মসূচিতে অংশ নেবেন। তিনি বৃহস্পতিবার সকালে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌছালে ফুলেল শুভেচ্ছা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)। সফরসূচি অনুযায়ী, কৃষি সচিব রাজশাহী ও নওগাঁ অঞ্চলে কৃষি কার্যক্রম, সার বিতরণ ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এসময় উপস্থিত ছিলেন যুগ্মসচিব খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান, উপসচিব(সার ব্যবস্থাপনা ও মনিটরিং) সিনিয়ার সহকারী সচিব মুহাম্মদ শহিদ উল্লাহ এবং মোহাম্মদ আতিকুর রহমানসহ রাজশাহীর কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, কৃষকের উৎপাদন বৃদ্ধি, কৃষি উপকরণ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে সরকারি কৃষি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে এ সফর গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রাজশাহী ও নওগাঁ অঞ্চলে দুই দিনের সফর শেষে শুক্রবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।