নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে জনজাতির ভূমি সুরক্ষা বিষয়ে সচেতনতা উঠান নাটক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও এর সহযোগিতায় মানওয়া আড়াং নাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা নাটকটির প্রযোজনা ও পরিবেশনা করে। নাটকটিতে জনজাতির ভূমি সুরক্ষার “রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০”-এর ৯৭ ধারা সংক্রান্ত বিষয়বস্তু উপস্থাপন করা হয়।
যেখানে নৃতাত্ত্বিক মানুষ কিভাবে এই আইনের সুরক্ষা পায় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে বঞ্চিত ও নির্যাতিত হবে না এই বিষয়সমূহ আলোকপাত করা হয়। নাটকের মাধ্যমে এই আইনের বিষয়টি সকল মানুষের সচেতনতার জন্য তুলে ধরা হয়। যেন জনজাতিসহ সকল মানুষের ভূমি হস্তান্তরসহ অন্যান্য বিষয়গুলো নিরাপদে ও আইনীভাবে হয়। এরপর গোদাগাড়ী থানা পারাগানা রবিন হেম্ব্রম অত্র আইনের ধারা নিয়ে আলোচনা করেন।
মানওয়া আড়াং নাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা রাজশাহী জেলায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সুপরিচিত একটি সাংস্কৃতিক গোষ্ঠী, যারা নৃতাত্ত্বিক সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের জন্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। নাট্য দল তথা সংস্থার সকল সদস্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অর্ন্তগত।
নাটকটি সরাসরি পরিচালনা ও সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মিখায়েল সরেন এবং পরিবশেনার সময় উপস্থিত ছিলেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।