শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি সার বিতরণে কোনো কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানকে বিএমডিএ এর ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দিলো দুর্বৃত্তরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জহুরুল ও রেজাউল বহিষ্কার

সার বিতরণে কোনো কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষি সচিব সেলিম খান বলেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের কাছে সঠিক সময়ে, সঠিক দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সার বিতরণে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।
তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সচিব বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করতে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিলারদের বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলন ও কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে সার উত্তোলন না করে সংকট তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার সার উত্তোলন না করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে, তাঁর ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।
ডিলারদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রতি কেজি সার পরিবহন খরচ ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছেন। ডিলারদের একথা স্মরণ করিয়ে সেলিম খান বলেন, কৃষক যাতে সহজে তাঁর প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে জন্য সার বিক্রয়কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। মাইকে ঘোষণা দিয়ে নির্দিষ্ট দিনে সার বিতরণের নামে কৃষকদের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। কৃষককে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কৃষি বিভাগ ও প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে। সার বিক্রয়কেন্দ্রে কী পরিমাণ সার মজুত রয়েছে, তা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যতালিকা টাঙিয়ে রাখতে হবে।
আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কৃষির উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে কৃষি সচিব বলেন, কৃষকের কল্যাণ, কৃষির আধুনিকায়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে। এজন্য দেশের খাদ্যভাণ্ডার খ্যাত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬টি জেলায় সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলায় মনিটরিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সার নিয়ে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কৃষকদের সুষম ও পরিমিত সার ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে কৃষি সচিব আরও বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয় এবং সরকারের ভর্তুকির পরিমাণ বেড়ে যায়। তাই কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে, বিশেষ করে ব্লক পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। কৃষককে বোঝাতে হবে যে, অতিরিক্ত সার ব্যবহার করলেই উৎপাদন বাড়ে না, বরং ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহারই অধিক ফলন ও মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি।
সারের প্রকৃত চাহিদা নিরূপণের বিষয়ে তিনি বলেন, ফসল উৎপাদনের পাশাপাশি মৎস্য চাষ, পোলট্রি, ডেইরি, ফুল ও ফলের বাগানের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে সারের চাহিদা নির্ধারণ করতে হবে। অতিরিক্ত বা অনুমাননির্ভর চাহিদা না পাঠিয়ে বাস্তবসম্মত তথ্য দিতে হবে। সার সরবরাহ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
‘কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে’ মন্তব্য করে কৃষি সচিব বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়িত ও সম্মানিত করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকার পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে এ কার্ড দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। কৃষক কার্ড প্রধানমন্ত্রীর একটি বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প। এ সময় তিনি কৃষির স্বার্থে কৃষক, কৃষি কর্মকর্তা, সার ডিলার, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রশাসনের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি প্রতিনিধি, এসআরবির প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin