নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর তালাইমারি নিবাসী বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট রশিদুর রহমান মিলন আর নেই (ইন্না—রাজিউন) আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
রাসিক মেয়রের শোক: এ্যাডভোকেট রশিদুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মেয়র।
এর আগে এ্যাড. রশিদুর রহমান মিলন গুরুতর অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় রামেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তাকে দেখতে যান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নিয়ে যাওয়ার সার্বিক ব্যবস্থা করেন রাসিক মেয়র। এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পৌছানোর পর মারা যান এ্যাড. রশিদুর রহমান মিলন।
রামেক হাসপাতালে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. খলিলুর রহমান, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রইস উদ্দিন, রাজশাহী বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ, ডা. মমিনুল ইসলাম, রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন প্রমুখ।