নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বিদ্যুতে ঘন ঘন লোডসেডিং, জ্বালানী ও ভোজ্য তেলসহ নিত্যপন্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে, মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা। মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী, সদস্য আরিফুল শেখ বনি ও জরিনা, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম বনি, মহানগর মহিলা দলের সহ-সভাপতি নুর জাহান, সাংগঠনিক মুসলেমা বেলী, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাবি ছাত্রদলেরর আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নির্যাতন, গ্রেফতার, বাধা ও যানবাহন বন্ধ করে কোনভাবেই রাজশাহীর গণসমাবেশ বন্ধ করা যাবেনা। যে কোন মূল্যে জনগণ সভাস্থলে উপস্থিত হবে। তিনি বলেন, এই সরকার জনগণকে কারাগারে রেখেছে। এই কারাগার থেকে মুক্তি পেতে হলে এই সরকারের পতন ছাড়া কোন উপায় নেই। আগামী তিন ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ থেকে এই সরকারের পতনের ডাক দেয়া হবে। এই ডাকে জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে রাজপথে নেমে জীবন বাজি রেখে কঠোর আন্দোলন করার আহবান জানান তিনি। সেইসাথে আগামী ২৯ তারিখ হতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা করা হবে বলে জানান।