বিশেষ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদরের আমনুরায় শতাধিক অসহায়-দুঃস্থ মানুষের মাঝে মঙ্গলবার বেলা ১১টায় শীত বস্ত্র বিতরণ করা হয়। রোটারী ক্লাব ঢাকা এর আয়োজনে এবং স্থানীয় আমনুরা রোটারী কমিউনিটি কোর (আরসিসি) এবং এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন) এর সহযোগিতায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেন, ২নং ওয়ার্ড ইউপিসদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মাসুদ পারভেজ, ৩নং ঝিলিম ইউপি’র সংরক্ষিত নারী সদস্য জোহারা বেগম, আরসিসি-আমনুরা সভাপতি প্রদীপ হেমব্রম, সম্পাদক প্রমিলা হাঁসদা ও গ্রাম প্রধান সিলিপ সরেন।
শীতবস্ত্র বিতরণে এনএজিআর এর নির্বাহী পরিচালক ও আরসিসি উপদেষ্টা স্টেফান সরেন চাঁপাইনবাবগঞ্জে রোটারীর কার্যক্রম সম্পর্কে অবগত করেন। তিনি বলেন যে, এই জেলায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে রোটারী ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজার ও রোটারী ক্লাব অফ ঢাকা’র সহযোগিতায় দুঃস্থ অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়ন, বিনামূল্যে মেয়েদের জরায়ু ক্যান্সার টিকা ও হেপাটাইটিস প্রতিষেধক টিকা প্রদান, স্তন ক্যান্সার রোধে সচেতনতা সৃষ্টির কাজ করছে।
এছাড়াও এনএজিআর সংস্থাটি অত্র এলাকায় শিক্ষা, স্বাস্থ্য সামাজিক সচেতনতা নিয়ে কাজ করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। আগামীতে এই অঞ্চলের অনগ্রসর মানুষের জীবন-মান উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।