নিজস্ব প্রতিবেদক: রপ্তানিযোগ্য ও নিরাপদ আম উৎপাদনকে উৎসাহিত করতে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা। মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।
‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের’ আওতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে আমসহ প্রায় দেড়শ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ‘বাংলাদেশের আমের সুনাম বিশ্বজুড়ে। অনেক দেশেই আম রপ্তানি হচ্ছে। বিশ্বজুড়ে আম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’ তিনি সাহিত্য ও সংস্কৃতিতে আমের ব্যাপক উল্লেখের কথাও তুলে ধরেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ফারজানা ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক উম্মে ছালমা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান। কৃষকদের মধ্যে বাঘা উপজেলার আম চাষি শফিকুল ইসলাম অনুভূতি প্রকাশ করেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। এর মাধ্যমে কৃষকদের আয় বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে দেশের আমের চাহিদাও তৈরি হবে। এই মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশীয় ফল সম্পর্কে জানতে ও গাছ রোপণে উৎসাহিত হবে। আয়োজকরা জানান, মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আমচাষিরা তাদের উৎপাদিত সেরা জাতের আম প্রদর্শন করা হয়েছে। মেলায় ফল প্রদর্শনীর পাশাপাশি আগামী তিন দিন কৃষিপ্রযুক্তি-বিষয়ক পরামর্শ সেবাও দেওয়া হবে।