নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
এসময় তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা তাঁদের ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে। এআই ব্যবহার করে পণ্যের প্রচার ও বিপণন আরও সহজ করা সম্ভব। নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে নারী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণে ব্যাংকিং সেবা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)। প্রধান আলোচক পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে হলে প্রচলিত ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও অর্জন করতে হবে। ব্যাংকিং সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে তাঁরা সঞ্চয়, ঋণ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। এআই ও ডিজিটাল বিপণন কাজে লাগিয়ে কম খরচে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসার পরিধি বাড়াবেন বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য উম্মে হাজ সিদ্দিকা। সংগঠনটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির রাজশাহী শাখার ব্যবস্থাপক আলম খান, ব্যাংকটির হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক, অ্যাসোসিয়েট ম্যানেজার শাকিল আহমেদ হিমেল, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহ-সভাপতি রোকসানা পারভীন এবং সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি সারিকা।