নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের বাস্তবায়নে দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ইউসেফ বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে সমতা নারী কল্যান সংস্থা’র সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকারের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কার্যকরী করতে সরকারী-বেসরকারী সংস্থাগুলো প্রশিক্ষণসহ বিভিন্নভাবে কাজ করছে। অনেকেই কোন না কোনভাবে ইউনিয়নের বিভিন্ন কমিটির সাথে জড়িত। যার যে কাজ সে কাজগুলো যেন সঠিকভাবে পালন করতে পারেন সে জন্য এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ থেকে যা শিখবেন তা বাস্তবে কাজে লাগিয়ে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। গোড়া থেকে কাজ ঠিক হলে, আস্তে আস্তে উপরে এমনিতেই ঠিক হবে এবং প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ হবে। এসময় যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি।’
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে স্থায়ী কমিটি, ওয়ার্ড কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন উন্নয়ন কমিটির সভা এবং কাজ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, চারঘাট-দূর্গাপুর প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার।
কর্মশালায় অংশগ্রহণ করেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার সভাপতি ইউসুফ আলী চৌধুরী, ডিএমকেএস’র পরিচালক রহিমা বেগম, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম ও বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীসহ উপজেলার বিভিন্ন সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটির প্রতিনিধিবৃন্দ।