নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহিবাথানাস্থ আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরিচালক ও প্রধান শিক্ষকদের হাতে এই অর্থ ও সনদ তুলে দেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী, রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙ্গা থানা কমিটির সভাপতি আরিফুল ইসলাম সবুজ, চন্দ্রিমা থানা কমিটির সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক ইয়াসমিন আরাসহ প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, এবারে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী সংখ্যা ছিলো ১২০০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭০জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৮০ জন। সর্বমোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। তিনি আরো বলেন, আগামীতে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, এই সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে সনদ এবং নগদ অর্থ তুলে দেয়া হলো। আগামীতে আরো ভাল স্থানে এই প্রোগ্রাম করা হবে বলে উল্লেখ করেন তিনি।