নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেন। বুধবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ।
বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা— যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান, অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিকরা দ্রুত তাদের দৈনিক মজুরি ৭৫০ টাকায় উন্নীত করার দাবি জানান। দ্রব্যমুল্যের উর্ধ্বগতির এ সময়ে বর্তমান বেতনে সংসার চলছে না। সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো সম্ভব হচ্ছেনা বলে উল্লেখ করেন তারা।
বিক্ষোভে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন। দাবি পূরণ না হলে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তারা বিভিন্ন দাবী উত্থাপন করেন। দাবীগুলো হলো সকল শ্রমিক-কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করা, রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান করা, প্রতিবছর নির্ধারিত উৎসব ভাতা প্রদান কর, বেতন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ করা, শ্রমিকদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে গ্রহণ ও সমাধান করতে হবে, একই অভিযোগ থাকলে অন্যত্র বদলি করা যাবে, কিন্তু চাকরিচ্যুতির হুমকি দেওয়া যাবে না, অবসর গ্রহণের সময় বিদায় সম্মাননা প্রদান করা ও নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা।