নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আকরাম আলী। স্থানীয়দের দেয়া তথ্য মতে, নিহতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আলফি বুধবার সকালে প্রাইভেট পড়ে নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বখাটে নাট্টু আলফিকে ইফটিজিং করে। আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা-বাবাকে বলেন।
আলফির বাবা আকরাম বিষয়টি প্রতিবেশি নাট্টুর বাবা-মাকে জানান। এতে নাট্টু ক্ষিপ্ত হয়। এর পর বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকার সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করে। এসময় তার বাবা আকরাম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে। এক পর্যায়ে ইট দিয়ে আকরামের মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, নিহতের ছেলে অনন্ত ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অন্তত ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর তালাইমারী শহীদ মিনারের সামনের রাস্তায় দাড়িয়ে বাস ড্রাইভার মরহুম আকরাম নিশংসভাবে হত্যার প্রতিবাদে সন্ত্রাসী নান্টু, বিশাল, খোকন, তাসিন, ওমি, নাহিদ ও শিশিরসহ সকল আসামীদের বিচার ও ফাঁসির দাবীতে লাশ নিয়ে মানববন্ধন করেছে ২৫নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।