নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র মহররম। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় রাজশাহী রেলগেট এলাকা থেকে বের করা হয় শোক র্যালী। এতে অংশ নেন শত শত মুসল্লি। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন ১০ মহররম। হিজরী বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। রাজশাহীতে ইবাদত, বন্দেগি, শোক র্যালি, পথসভা ও মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র আশুরা।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত শিয়া মসজিদ থেকে একটি শোক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যেখানে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য বলে জানা যায়।