নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারক লিপি দিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি। সোমবার দুপুরের দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। এর আগে তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক।
মানববন্ধনে বক্তারা বলেন, ৪৮ বছরের ঐতিহ্য, সেবা ও অগ্রগতির প্রতীক এই অধিদপ্তরকে বিলুপ্ত করার যে প্রচেষ্টা চলছে, তা নার্সিং পেশার স্বকীয়তা ও উন্নয়নের পরিপন্থী। স্বাধীনতার পর থেকে নার্সিং প্রশাসন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বলে তারা উল্লেখ করেন। নার্সিং পেশার মর্যাদা ও অধিকার রক্ষায় এই জনস্বার্থবিরোধী উদ্যোগ অব্যাহত থাকলে সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি মামুনুররশিদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, ময়েজ উদ্দিন, সোমা সুলতানা, আইরিন পারভীন, সাইমুম আহমেদ, রামিম, মিজানুর রহমান ও নাজমা সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ নার্সগণ উপস্থিত ছিলেন।