নিজস্ব প্রতিবেদক: “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২২” এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহীর আয়োজনে মঙ্গলবার রাজশাহীর বুধপাড়াস্থ্য গবেষণাগার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এই মেলার লক্ষ হচ্ছে নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির পাশপাশি গবেষণার মাধ্যমে দেশীয় সম্পদের মান উন্নয়ন করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তাদের আগ্রহ সৃষ্টি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ’র ডিন প্রফেসর ড. শহিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. বরুণ কান্তি সাহা। স্বাগত বক্তব্য রাখেন গবেষণাগারের সিনিয়র সাইন্টিফিক অফিসার আহসানুর রাব্বী।
মেলায় রাজশাহীর রাজশাহী কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, হাজি মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল, রাজশাহী সরকারি মহিলা কলেজ, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ও রংধনু বিজ্ঞান ক্লাবসহ মোট ৪৬টি স্কুল ও কলেজ অংশগ্রহন করছে। কলেজ ও ক্লাবের ক্ষুদে বিজ্ঞানীরা তিনটি গ্রুপে (৬ষ্ঠ -৮ম শ্রেণিঃ ‘অ’-গ্রুপ, ৯ম-১০ম শ্রেণিঃ‘ই’-গ্রুপ, একাদশ ও দ্বাদশ শ্রেণি ও বিজ্ঞান ক্লাব ‘ঈ’-গ্রুপ) বিভক্ত হয়ে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন।
উল্লেখযোগ্য প্রকল্পসমূহের মধ্যে রয়েছে রোবটিক স্টিক ফর ব্লাইন্ড পিপলস, স্মার্ট স্যানিটাইজেশন সিস্টেম, রেলক্রসিং এ দুর্ঘটনা রোধ, কৃষিক্ষেত্রে মৃত্তিকার গুণাগুণ নির্ণায়ক যন্ত্র, অটোমেটিক ওয়েদার নোয়িং ডিভাইস প্রভৃতি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘বিজ্ঞানের উন্নয়ন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান চর্চায় আগ্রহ সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা করবেন বে আশ্বাস প্রদান করেন। দেন। সকলের জন্য উন্মুক্ত পরিবেশে মেলা তিন দিন ধরে চলমান থাকবে বলে আয়োজক প্রতিষ্ঠান বলেন।