নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম পুঠিয়া থানাধীন ভাড়রা এলাকা হতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন ভাড়রা গ্রামের পিতা আব্দুল লতিব এর ছেলে সুজন(৩৩) ও বশির আহম্মেদ(৩২)। উল্লেখ্য রাজশাহীর পুলিশ সুপার রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ডিবি রবিউল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সকাল ৮টায় পুঠিয়া থানাধীন ভাড়রা গ্রামের পলাতক আসামি একই গ্রামের পিতা-মৃত আলাউদ্দিন ছেলে রুবেল (৩৩) এর মালিকাধীন চার কক্ষ বিশিষ্ট একতলা দালান বাড়িতে গোপনে নির্মিত ভেজাল প্রসাধনীর কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করেন। সেইসাথে এই দুইজনকে আটক করেন তারা।
অভিযান পরিচালনা করে ১২টি কার্টনে ৫৭৬পিচ ভেজাল লতা হারবাল ক্রিম, ২০০০পিচ লতা হারবাল এর খালি কাগজের মোড়ক, ভেজাল লতা হারবাল ক্রিম তৈরির কমলা, হলুদ ও সাদা রংয়ের পাউডার জাতীয় কেমিক্যাল, সাদা দানাদার ৩০কেজি উপকরণ ও ১৫লিটার তরল কেমিক্যাল, ভেজাল ক্রিম তৈরির স্টিলের ২টি মেশিন, ২টি ড্রিল মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, ২টি ক্লিপ টাইট মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার, স্টিলের ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাতিলসহ সর্বমোট ৩ লক্ষ ৩৫ হাজার ৮০০ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায় দীর্ঘদিন যাবৎ গোপনে ভেজাল প্রসাধনী ক্রিম তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। এ বিষয়ে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।