নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অডিটরিয়ামের প্রবেশ পথের দেয়ালে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক যুগ পুরনো দেয়াল লেখনি প্রতিহিংসামূলক ভাবে রং করে মুছিয়ে দিয়েছে অশান্তীপ্রিয় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ছেলেরা।
গত মঙ্গলবার ( ৭মার্চ) দিবাগত রাতে, পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লীরা যখন ইবাদত বন্দেগীতে মশগুল, ঠিক এমন সময় রাতের অন্ধকারে ছিঁচকে চোরের মত নিউ গভঃ ডিগ্রী কলেজের মূল প্রবেশ পথে ছাত্রদল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ও প্রতীকৃতি সংবলিত বিশাল ছবিটি ছাত্রলীগের সন্ত্রাসীরা রং দিয়ে মুছে ফেলে। নিচু রাজনৈতিক মন-মানসিকতার পরিচয় বহনকারী সংগঠন ছাত্রলীগের এমন কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্রনিন্দা ও ধিক্কার জানান রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মূর্তুজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদলের এবং প্রতিটি ইউনিটে সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
তারা উল্লেখ করেন, নিশিরাতের ভোটে অনির্বাচিত সরকারের মদদপুষ্ট উচ্ছিষ্টভোগী ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ”, ছাত্রদল অথবা জিয়াউর রহমানের নাম রাতের আঁধারে দেয়াল থেকে হয়তো মুছে দিতে পারে কিন্তু অপামর ছাত্র-জনতার মন থেকে মুছে ফেলা অসম্ভব। আদতে, বিএনপির যুগপৎ আন্দোলনে ছাত্রদলের অগ্রণী ভূমিকায় ঈর্ষান্বিত হয়ে দিকভ্রান্ত স্বৈরাচার পন্থীরা এমন নির্লজ্জ কর্মকান্ডে জড়াচ্ছে।
রাজশাহী মহানগর ছাত্রদল, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এমন ন্যাক্কারজনক কাজের দায় কলেজ প্রশাসনও এড়াতে পারে না। অনতিবিলম্বে এ কর্মকান্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবী জানান।