নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী রোববার অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক এনামুল হক। সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
এনামুল হক জানান, বিভাগের আট জেলা থেকে ইতোমধ্যে পাঁচজন করে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে। এই ৪০ জনের মধ্যে থেকে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচনে প্রাথমিকভাবে ১০ জনকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে থেকে রোববার আবার পাঁচজনকে চূড়ান্তভাবে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করবেন ছয় সদস্যের বিচারকমণ্ডলী। এই পাঁচজন জাতীয় পর্যায়ে প্রতিদন্দিতা করবেন।
পাঁচটি ক্যাটাগরিতে এই পাঁচজনকে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে তাদের হাতে ২৫ হাজার টাকা ও ক্রেস্ট, সনদপত্র তুলে দেওয়া হবে। পরিয়ে দেওয়া হবে উত্তরীয়। বিভাগের অন্য ৩৫ জন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাকে ৫ হাজার করে টাকা, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হবে। সংবাদ সম্মেলনে মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক শবনম শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মমতাজ মহল, নিলুফা সরকার ও সহকারী কমিশনার নাছিম রেজা উপস্থিত ছিলেন।
আর রোববারের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। সেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, রাজশাহী রেঞ্জ ডিআইজ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সমাজসেবী এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী।