নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। রাষ্ট্রের এই রূপান্তরকালে পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। রোববার সকালে রাজশাহী সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) ছয় মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।
দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা ও নিপীড়নের পর এই কর্মকর্তাদের ফিরে আসাকে ঐতিহাসিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পতনের পর আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন। এই বঞ্চনার প্রেক্ষাপটে জাতির যে সুউচ্চ প্রত্যাশা, তা পূরণে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ও শান্তি প্রতিষ্ঠা করা। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন এই বাহিনীকে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করতে বদ্ধপরিকর। এজন্য পুলিশ বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি চালু করা হয়েছে, যেখানে ভালো কাজের স্বীকৃতি এবং অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান- সেটি কোনো রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক। থানায় আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। এছাড়া বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সাইবার অপরাধ দমনে কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এসময় তিনি, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আলী হোসেন ফকির, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আরডিএ এর চেয়ারম্যান আবুল কালামা আজাদ সুইট, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। এ সময় সহকারী পুলিশ সুপার ড. নুরুল হুদা ভূঁইয়া প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে শপথ গ্রহণ শেষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের সহকারী পুলিশ সুপারদের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি ল ফার্ম (আইনি প্রতিষ্ঠান) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা শুনেছি। বিষয়টি নিয়ে এরই মধ্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বর্তমানে তার জামিন আদেশের সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) সংগ্রহের চেষ্টা করছি।”
পলাতক এই সাবেক পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, “তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব দ্রুতই তাকে দেশে ফেরত আনা যাবে।”