নিজস্ব প্রতিবেদক: অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকালে, রাজশাহী মহানগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) CBM Global Disability Inclusion-এর আর্থিক সহযোগিতায় স্টেুনদেনিং রাইটস-বেসড লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি অব অর্গানাইজেশন ইন বাংলাদেশ (STRONG OPD) প্রকল্প বাস্তবায়ন করছে।
সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোহাঃ সবুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিস, রাজশাহীর উপ-পরিচালক মুনিরা খাতুন ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামীম আলী।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিআরপি রাজশাহী আফসার হোসাইন সেন্টার ডিজিএম এবং সেন্টার ম্যানেজার সুমা বেগম। প্রকল্প বিষয়ে উপস্থাপনা করেন স্ট্রং-ওপিডি প্রজেক্ট এর প্রোজেক্ট ম্যানেজার সেলিম রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ট্রং-ওপিডি প্রজেক্ট এর ওপিডি কোর্ডিনেশন অফিসার উজ্জল হোসেন।
অবহিতকরণ সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী, স্থায়িত্ব বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা, পারস্পরিক সমন্বয় জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অংশীদারিত্বের সুযোগ চিহ্নিত করার লক্ষ্যে প্রকল্পের এই পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। সভায় উপস্থিত অংশগ্রহনকারীরা বিভিন্ন ধরনের মতামত ও পরামর্শ প্রদান করেন।