নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেন, “দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ এবং বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগরী ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হবে। এই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে আরএমপি। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, “৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এই বাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে থাকতে পারে, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।” এ সময় আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।