নিজস্ব প্রতিবেদক: মোহনপুর উপজেলার আইন শৃঙ্খলা, মাদক,কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও রোজার ঈদে মানুষ যেন নির্বিঘ্নে তার ঘরে ফিরতে পারে সেসব বিষয় নিয়ে উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন পবা মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা অবস্থার উন্নয়ন করতে হবে। কোথাও যেন কোন প্রকারের মব সৃষ্টি করতে কেউ না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সংসদ সদস্য আরো বলেন, প্রতিটি এলাকায় মাদক এখন একটা বিরাট সমস্যা। এই সমস্যা দূরীকরণে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, মোহনপুরে বিভিন্ন স্কুল ও কলেজ মাঠে রাতের অন্ধকারে মাদকের আড্ডা বসে। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ বাহিনী সহ আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন তিনি। তিনি আরো বলেন, কিশোর গ্যাং বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কঠোর হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, এখন চলছে সিয়াম সাধনার মাস রমজান মাস। রোজার শেষের দিকে দেশের দূরদূরান্ত থেকে জনগণ ঈদ করতে নিজ নিজ এলাকায় আসবেন। এ সময় রাস্তায় যেন কোন প্রকার জনগণের সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেন তিনি। সেইসাথে মার্কেট সমূহে জনগণ যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেদিকে নজর রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। শুধু তাই নয় বাজারে যেন নকল ও ভেজাল কোন খাদ্যপণ্য অসাধু ব্যবসায়ীরা বিক্রি করতে না পারে সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার ও মোহনপুর থানা অফিসার ইনচার্জ মইনুদ্দিন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।