নিজস্ব প্রতিবেদক: সংসদ মুলতুবি হওয়ার পর থেকে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন নিজ সংসদীয় এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেইসাথে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। সেইসাথে তিনি জনগণের সাথে কথা বলেন এবং সমস্যার কথা শোনেন। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান-বৈঠকে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয় জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সরাসরি হস্তক্ষেপ করেন তিনি। এই সমস্যা সমাধানে তিনি পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনকে ডাকলে তিনি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংসদ সদস্য কথা শোনেন এবং তাঁর নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেন। পরের দিন তিনি অত্র এলাকায় আলোকায়নের ব্যবস্থা করেন।
এ সময়ে সংসদ সদস্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। এরপর সবাই মিলে নোংরা ড্রেন পরিদর্শন করেন।
এর আগে একই দিনে নওহাটা পৌরসভার ভুগরইল চিশতীয়া মোবারকীয়া খানকাহ শরীফের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর মোহনপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-বালিকা) ফাইনাল খেলা এবং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সংসদ সদস্য।
এছাড়াও এদিন তিনি মৌগাছী উচ্চ বিদ্যালয় ও মৌগাছী কলেজ পরিদর্শন করেন। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আবেদন করলে, তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে শিক্ষাকে মান সম্মত করা ও অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছেন। সারা দেশের বিদ্যালয়ের অবস্থানগত ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনের নিরিখে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
এরপর তিনি মোহনপুর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান মৌগাছী কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করে জানতে পারেন যে, ২৭ বছর ধরে শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে যাচ্ছেন। অর্থাৎ প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয়নি। আবার উপরোন্ত এই প্রতিষ্ঠানটিকে প্রাক্তন অধ্যক্ষ দেওলিয়া করেছেন। বিভিন্ন কারণে ম্যানেজিং কমিটি সাবেক অধ্যক্ষকে বরখাস্ত করেছে। এই কলেজকে বাঁচাতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং কলেজের জমি উদ্ধারে তিনি পদক্ষেপ নেন। সেইসাথে কলেজের বন্ধককৃত সম্পত্তি তিনি তাঁর নিজ তহবিল হতে প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়ে মুক্ত করেন।
এছাড়াও তিনি দুপুরে পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,“শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই অনেক সময় তরুণরা বিপথগামী হয়ে পড়ে। তাই ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন করে অ্যাম্বাসেডর। তোমাদের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে হবে। তোমাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী ও নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ।”
এদিকে তিনি বলেন বিএনপি সর্বদা কৃষি ও কৃষকের কথা চিন্তা করেন। সেই ধারাবাহিকতায় পবা উপজেলার পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনঃখনন কাজ এর উদ্বোধন করেন গত ৭মে বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও শনিবার সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত ১ হাজার ৫১ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, “খাল খনন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এটি সম্পূর্ণ জনস্বার্থে করা হচ্ছে। জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছেন। ফলক উন্মোচন ও মাটি কাটার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। পরে তিনি নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের ৯ হাজার ১০০ মিটার প্রশস্তকরণ, শক্তিশালীকরণ ও পুনর্বাসন কাজেরও উদ্বোধন করেন।
এদিকে তিনি জামাল শহীদুল ও অন্যান্য প্রয়াত ব্যক্তিদের স্বরণে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। শুক্রবার বিকেলে সুচারণ গ্রামের তরুন ও যুব সমাজের আয়োজনে সুচারন স্কুল মাঠে এই টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও এমপি মৌগাছী ইউনিয়নের একটি রাস্তার কার্পেটিং এর কাজ উদ্বোধন করেন।
শুধু তাইনয় সংসদ সদস্য সারাদিন জনগণের হয়ে কাজ করে চলেছেন। জনগণ যেখানেই তাঁকে পান সেখানেই কাজ করে নেন এবং কথা বলেন। তিনি কোন প্রকার বিরক্ত হন না। রাজশাহীতে থাকা কালীন সময়ে তিনি কাকডাকা ভোর থেকে জনগণের জন্য কাজ শুরু করেন। ইতো মধ্যে তিনি কাজ পাগল এমপি বলে সবার নিকট পরিচিতি পেয়েছেন। তিনি একদিনের জন্য বাড়িতে বসে থাকেন না। সর্বদা তিনি তার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়ান। সেইসাথে উন্নয়নমূলক শুরু এবং প্রকল্প প্রণয়নের জন্য বলেন।
তিনি আরো বলেন, তাঁর নির্বাচনী এলাকা অনেক বড়। এই এলাকার রাস্তাঘাট গুলো দীর্ঘ সতের বছরের কোন উন্নয়নমূলক কাজ হয়নি। শুধু প্রকল্প হয়েছে। সেই প্রকল্পের টাকাও শেষ হয়েছে, কিন্তু দৃশ্যমান কোন উন্নয়ন তিনি দেখেননি। তিনি নির্বাচনী প্রচারণার সময় দেখেছেন। সে সময়ে তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন দৃশ্যমান উন্নয়ন করার জন্য। এজন্য তিনি এই পাঁচ বছরের একটি দিনও তিনি নষ্ট করতে চাননা বলে জানান। আর এই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।