নিজস্ব প্রতিবেদক: কেন্দ্র ঘোষিত বিএনপি’র সারাদেশের ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপি রাজশাহীর ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়নে একযোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবীতে পুলিশি বাধা উপেক্ষা করে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পবার দামকুড়া ও হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। পদযাত্রা উত্তর পথসভায় তিনি বলেন, এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে এখন আবোল-তাবল বকা শুরু করেছে। ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের টাকার লোভ দেখিয়ে নিজের করে রেখেছে।
এর কারনে আজ তারা বিএনপি’র শান্তিপূর্ন কর্মসূচীতে বাধা ও হামলা করছে। কিন্তু এ সব করে আর লাভ হবেনা। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এখন মাঠে নেমে গেছে। সেইসাথে সাধারণ জনগণও এখন বিএনপি’র সাথে মাঠে নেমে পড়েছে। কোন বাধাই এই সরকারের পতন রুখতে পারবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশের অবস্থা এখন অত্যন্ত খারাপ। সামনে দুর্ভিক্ষের হাতছানি দেখা যাচ্ছে। যেভাবে নিত্যাপন্য ও জ¦ালানী তেলের মুল্য বৃদ্ধি পাচ্ছে, তাতে মানুষ না খেয়ে মরবে।

মিলন আরো বলেন, এ অবস্থায় এই ফ্যাসিস্ট সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। বিএনপি’র আন্দোলনের ত্বরে এই বিনাভোটের সরকার যে কোন সময়ে দেশ ছেড়ে পালাবে। কিন্তু এই হায়নারুপী সরকারকে দেশ ছেড়ে কোনভাবেই পালাতে দেয়া হবেনা। জনগণ এর বিচার করবে বলে উল্লেখ করেন তিনি। যতই বাধা আসুক বিএনপি তার আন্দোলন চালিয়ে যাবে। চলমান এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
বিকেলে পর্যায় দামকুড়া ইউনিয়নের গরুহাটা থেকে এবং হরিপুর ইউনিয়নের নবগঙ্গা থেকে পদাযাত্রা শুরু করেন। তারা পর্যায়ক্রমে দুইটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে দামকুড়া কলেজ ও হরিপুর বাজারে পথসভা করেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য শাহজাহান, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব নওশাদ আলী, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, বিএনপি নেতা লাল্টু, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।