নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের বৃহত্তর সামাজিক উৎসব সোহরায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঁওতাল জাতিসত্তার সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও চর্চায় আগ্রহী করে তোলার প্রত্যয়ে মঙ্গলবার দিনব্যাপি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে নওগাঁ জেলার ধামুইর হাট উপজেলার জগদল সাতানা গ্রামে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমতলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আদিবাসী মুক্তিমোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন্দ্রনাথ সরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক, থানা পারগানা সেবাস্তিয়ান হেমরম, পারগানা সাধারণ সম্পাদক বিশ্বনাথ টুডু ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। এছাড়াও অত্র এলাকার সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, কালের বিবর্তনে আকাশ সংস্কৃতির ছোবলে দিন দিন ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের অনেক উৎসব ও সংস্কৃতি হারাতে বসেছে। এই হারানো সংস্কৃতি পুনরুদ্ধারে এবং চলমান সংস্কৃতিগুলো ধরে রাখতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাডেমির সাথে এই সংস্কৃতিক টিকিয়ে রাখার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে ক্ষুদ্র নৃগোষ্ঠির সকল জাতী সত্ত্বার সংস্কৃতিক লালন ও পালন করার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের যুবসমাজকে এগিয়ে আসার পরামর্শ দেন সভাপতি। বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিবৃন্দ।