নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বসবাসরত দেওপাড়া ইউনিয়নের অসচ্ছল আদিবাসী পরিবারের সদস্যদের মধ্যে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়। কাকন বহুমখি উন্নয়ন সংস্থা (কাবিউস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অত্র ইউনিয়নের ডহরলঙ্গী গ্রামের তেরজন আদিবাসী পরিবারের মধ্যে দুইটি করে মোট ২৬টি ভেড়া প্রদান করা হয়। এছাড়া একই ইউনিয়নের চৈতন্যপুর ভিকারপাড়া গ্রামের মোট বারটি পরিবারের মধ্যে মোট চব্বিশটি ভেড়া প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান, দেওপাড়া ইউপি সংরক্ষিত আসনের নারী সদস্য হাসমত আরা, আদিবাসী নেতা জন কিস্কু ও কাবিউস সংস্থার সহকারী পরিচালক দেলোয়ার হোসেন রিপনসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মী ও সুবিধাভোগি আদিবাসী জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, কাবিউস শুধু ঋন কার্যক্রম পরিচালনা করে না। তারা নানা ধরনের সামাজিক কাজ ও বিনা শর্তে এবং বিনামূল্যে অসহায় আদিবাসী পরিবার গুলোকে অর্থনৈতিক সমস্যা দূর করে স্বাবলম্বী করে তুলতে তাদের মধ্যে ভেড়া ও গুরু বিতরণ করে আসছে। এই ভেড়া ও গরু বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক সারাদেশে বিনামুল্যে প্রদান করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায়দের স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রাপ্ত ভেড়া বিক্রি না করে লালন পালন করার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, তাঁর সংস্থা চায় গ্রাম পর্যায়ের অসহায় মানুষগুলো গরু, ভেড়া ও ছাগল, হাঁস ও মুরগী সহ অন্যান্য গবাদী পশু পাখি পালন করে স্বাবলম্বী হক। তাঁর প্রতিষ্ঠান হতে শুধু ভেড়া নয় গরু ও ছাগলু বিনামুল্যে প্রদান করা হয়। বক্তব্য শেষে তিনি উপস্থিত আদিবাসী নারীদের হাতে ভেড়া তুলে দেন।