নিজস্ব প্রতিবেদক: ধান খেতে পানি না পেয়ে আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি আত্মহত্যার প্ররোচনার সঙ্গে জড়িত গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন রাজশাহী জেলা কৃষক দল। সেইসাথে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের মামলা নিতে গড়িমসি ও ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ তুলে ওসিকে অবিলম্বে থানা হতে প্রত্যাহারের দাবি জানানো হয়।
গতকাল বিকেলে গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদ এলাকার নিমঘুটু গ্রামের নিহত আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডির বাড়িতে যান রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তাফা মামুন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আবদুস শাওয়াল, গোদাগাড়ী উপজেলা কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম ফটিক ও দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল সাদেক।
এসময়ে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরিবারের সকল সদস্য কান্নায় ভেঙ্গে পরেন এবং তারা আত্মহত্যায় প্ররোচণাকারী গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের কঠোর শাস্তির দাবী জানান। সেইসাথে অপারেটর এবং এর সাথে ইন্ধনদাতা যারা আছে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা এবং মামলা নিতে গড়িমসি করায় গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবী জানান ভূক্তভোগি পরিবারের সদস্যরা।
এসময়ে উপস্থিত বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ অসহায় এই পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন। সেইসাথে তারা বলেন, তাদের এই আত্মাহুতি কি পারবে বরেন্দ্র অঞ্চলে শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রিত ডিপের পানির অরাজকতা ও নৈরাজ্য ঠেকাতে। এই বক্তব্য হচ্ছে অসহায় আদিবাসী কৃষক ও সাধারণ মানুষের। মৃত দুই আদিবাসী পারিবারের একজনের বৃদ্ধ মা সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে বিছানায় শুয়ে থেকে ছেলে ফিরে আসার অপেক্ষা করছে। আরেক জনের স্ত্রী তাদের ছোট দুই শিশু সন্তান নিয়ে অসহায় মানবতর জীবন যাপন করছে বলে উল্লেখ করেন তারা। এদিকে মামলা নিতে বিলম্ব ও আসামী ধরতে তালবাহানা করায় ওসির অপসারণের দাবী জানান নেতৃবৃন্দ।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মামলা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোন গাফলতি নেই। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলা পর্যবেক্ষণ করছে। মামলা হয়েছে। আসামী আটকের জন্য সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে। যেকোন সময়ে আসামীকে আটক করা হবে বলে জানান তিনি।
,