নিজস্ব প্রতিবেদক: উত্তর জনপদ থেকে প্রকাশিত প্রথম শ্রেণির একমাত্র জাতীয় পত্রিকার সকল স্টাফদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বার্তা ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সভায় সভাপতিত্ব করেন দৈনিক বার্তা পত্রিকার সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক ওমর ফারুক ও মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ সকল বিভাগের স্টাফ এবং প্রতিবেদকগণ।
সভায় প্রতিটি বিভাগ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেইসাথে পত্রিকার উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন তারা। বিষয়গুলো প্রধান অতিথি মনোযোগ সহকারে শোনেন। এরপর তিনি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক বার্তা পত্রিকার দীর্ঘ সতের বছরে অনেক চড়াই উৎরাই গেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাসিক মেয়র ও তাঁর পত্নী দৈনিক বার্তায় কোন বিজ্ঞাপন দিতে দেয়নি। তবুও বর্তমান উপদেষ্টা সম্পাদক অনেক কষ্ট করে পত্রিকার প্রকাশনা ও স্টাফদের বেতন ভাতা চালিয়ে গেছেন। তিনি আরো বলেন, এখন হয়তবা একটু সময় এসেছে। বার্তার উন্নয়নে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বিজ্ঞাপনের দিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি আরো বলেন, কালার পত্রিকা দেখতেও ভাল লাগে, গ্রাহকরাও সাদরে গ্রহন করেন। এজন্য আগামীতে কালার পত্রিকা বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে সম্পাদককে অনুরোধ করেন। সেইসাথে রাজশাহী থেকে পত্রিকা বের করা এবং রাজশাহীর স্থানীয় সকল নিউজ কভার করার জন্য সাংবাদিকসহ সকলকে পরামর্শ দেন। তিনি বলেন, এখানে স্টাফদের সম্মানিটা অনেক কম। আগামীতে কিভাবে বাড়ানো যায় তা তিনি দেখবেন। সেইসাথে স্টাফদের মৃত্যুকালীন এক কালীন অনুদান পঞ্চাশ হাজার এবং দাফন-কাফনের জন্য পাঁচ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন তিনি। এটা কার্যকর করার জন্য সম্পাদককে নির্দেশনা দেন প্রধান অতিথি। সেইসাথে স্টাফ নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধান অতিথি।
সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে পত্রিকাকে দেশের দশ নম্বরে নেয়ার লক্ষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। সেইসাথে স্থানীয় সকল নিউজ এবং ফিচার আইটেম করার জন্য পরামর্শ দেন তিনি।
শেষে দৈনিক বার্তা ট্রাষ্টি বোর্ডের সদস্য সিনিয়র এডভোকেট আব্দুল হাই এর সুস্থ্যতা এবং এমরান আলী সরকার ও এডভোকেট কামরুল মনিরসহ দৈনিক বার্তার মৃত্যুবরণকারী সকল কর্মকর্তা-কর্মচারীরগণের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।