নিজস্ব প্রতিবেদক: উপজেলা প্রশাসনের নানা অনিয়ম ও পতিত সরকারের দোসরদের সাথে নিয়ে সরকারী অনুদানের প্রতিবাদে গোদাগাড়ী উপজেলা কৃষকদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক ও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল আলম সমাপ্ত।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ ইউপি নির্বাচনে নির্বাচিত বিতর্কিত চেয়ারম্যানগণ এখনো স্বপদে বহাল রয়েছেন। তাদের অনেকেই গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে সশরীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ ও অর্থ দাতা ছিলেন। অনেকে মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, আবার অনেকে আত্মগোপনে থেকে রাজনৈতিক আশ্রয়ে রক্ষা পাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের সহযোগিতায় সরকারী কৃষি উপকরণ বিতরণ করছেন, যা প্রকৃত কৃষকদের সঙ্গে চরম বৈষম্য। বিগত সরকারের তৈরি তালিকা অনুযায়ী, কৃষক নয় ও দলীয় কৃষকদের মাঝেই এই উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রকৃত কৃষকরা অতীতে যেমন বঞ্চিত হয়েছেন, আজও তেমনি বঞ্চনার শিকার।
সমাবেশে কৃষকদলের নেতৃবৃন্দ জানান, বরাদ্দপ্রাপ্ত বীজ, সারসহ কৃষি উপকরণের জন্য বারবার ইউএনও অফিসে ধর্ণা দিয়েও কৃষকদলের নেতৃবৃন্দ ও প্রকৃত কৃষকরা প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছেন। এই পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদে আজকের বিক্ষোভ আয়োজন করা হয়েছে। বক্তারা অবিলম্বে দুর্নীতিগ্রস্ত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের জোর দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।