নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’। এ উপলক্ষে সকাল ৯ টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফাউন্ডেশন ভবনের সামনে এসে শেষ করা হয়।
পরবর্তীতে আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। খাদ্যাভ্যাস ও জীবন যাত্রায় পরিবর্তন এনে এটি মোকাবেলা করা সম্ভব। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী উচ্চ রক্তচাপ সহ সব ধরনের হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. রইছউদ্দিন। তিনি বলেন, ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব।
হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণের মধ্যে আরও আলোচনা করেন ডা. মোহাম্মদ রাফিউর রহমান, ডা. এ. এস এম সায়েম ও ডা. এ কে এম রেজওয়ানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তানিয়া আক্তার জাহান ও ডা. নাফিসা লুবাবা নদী। আলোচনা সভা ও সেমিনার শেষে শতাধিক হৃদরোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক এ কে মাসুদ এবং নির্বাহী সদস্যবৃন্দ ডা. ওয়াসিম হোসেন, অধ্যাপক ডা. লতিফুর রহমান অপু, এনামুল হক, ডা. মোহাম্মদ গাজীউল আলম রুমী, আক্কাস আলীসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র আজীবন সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডা. তাজমিলুর ইসলাম সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।